প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনেই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড হয়েছে ব্রাজিলে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজারের বেশি মানুষ। অন্যদিকে মারা গেছেন ১ হাজার ১৭৯ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৭ হাজার ৯৮৩ জন। ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৪৭ হাজার ১০৮টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
গত বছরে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। অপরদিকে ব্রাজিলে গত ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব ঘটে। এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে মাকিন যুক্তরাষ্ট্র।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩৭০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে আরও ১ হাজার ২৫১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

