এবার আনুষ্ঠানিকভাবে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন ব্রিটিশ সিংহাসনের ষষ্ঠ উত্তরাধিকারী প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।
এর আগে জানুয়ারিতেই তারা রাজপরিবার ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। আজ ৩১ মার্চ ব্রিটিশ রাজপরিবার থেকে সরলেন হ্যারি দম্পতি।
জানা গেছে, রাজকীয় জীবনে চরম অসন্তুষ্ট ছিলেন মেগান মার্কেল। রাজপরিবারের বাঁধাধরা নিয়মের সঙ্গে খাপ খাওয়াতে পারছিলেন না তিনি।
রাজকীয় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর কিছুদিন কানাডায় ছিলেন এ দম্পতি। সম্প্রতি তারা কানাডা থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। তবে মার্কিন মুলুকে আর কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না তারা। আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব ত্যাগের একদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তিনি ব্রিটিশ রানি ও যুক্তরাজ্যের একজন ভালো বন্ধু ও ভক্ত। তবে যুক্তরাষ্ট্রে প্রিন্স হ্যারি ও মেগান-এর নিরাপত্তার খরচ ওয়াশিংটন দেবে না। এর ব্যয় তাদেরই বহন করতে হবে।
হ্যারি ও মেগান দম্পতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি খরচে নিরাপত্তা নেওয়ার কোনও ইচ্ছা তাদের নেই। এই দম্পতির পক্ষে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার কোনও পরিকল্পনা নেই ডিউক ও ডাচেসের। ব্যক্তিগত অর্থে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’
সূত্র: মেইল অনলাইন, এএফপি।

