বাংলাদেশ-ভারত লড়াই যেন বাড়তি আকর্ষণ। মাঠ ও মাঠের বাইরে উত্তেজনায় টইটম্বুর থাকে দুই দল। সমর্থকদের মাঝে যেমন থাকে জয়ের তীব্র বাসনা, তেমনি করে বিজয়ের নেশায় চাপা উত্তেজনা কাজ করে খেলোয়াড়দের মাঝে।
সেই উত্তেজনায় থমকে দাড়ায় বাংলাদেশ। কাছে যেয়েও বিজয়ের মুকুটটি মাথায় না চাপানোর আক্ষেপ সঙ্গী হয় বহুবার।
বিশ্বকাপ কিংবা এশিয়া কাপ, সাধারণ সিরিজ থাকে শুরু করে যেকোনো টুর্নামেন্ট- সব জায়গায় খেই হারিয়েছে বাংলাদেশ। কাছে যেয়ে বারবার জিততে না পারার আক্ষেপের গল্পটা বদলায়নি।
এক, দুই রানের পরাজয় বা শেষ বলে পরাজয়ের গল্পের সাথে পরিচিত এদেশের ক্রিকেটপ্রেমীরা জয়ের সুতীব্র বাসনায় হারাতে চায় ভারতকে।
সেই চাওয়ায় শেষ সংযোজন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দুই দল। দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশের যুবারা খুব সহজেই জায়গা করে নিয়েছে ফাইনালে। তারচেয়েও সহজে সব বাধা পেরিয়ে ফাইনাল পথে ভারত।
আর সে কারণেই ভারতকে হারানো খুব যে সহজ হবে না তা বলার অপেক্ষা রাখে না। গত বছরের যুব এশিয়া কাপেও জিততে ব্যর্থ বাংলাদেশ। মাত্র ১০৫ রানের লক্ষ্যে হেরেছিল তিন রানে। বর্তমান যুব দলের লড়াইয়ে দুইদল মুখোমুখি হয়েছে চারবার। বাংলাদেশের এক জয়ের বিপরীতে ভারত জিতেছে তিনটিতে
রোববার (৯ ফেব্রুয়ারি) ফাইনাল জয়ে ভারত বাধা পেরোতে পারবে বাংলাদেশ? নাকি অতীতের মতো এবারো ভারতেই থমকে যাবে স্বপ্নগুলো!

