ভারতে করোনা সঙ্কটের মধ্যেই গত ৩ মাসে রান্নার গ্যাসের (LPG) দাম ৩ বার কমায় স্বস্তি পেয়েছিল মানুষ। কিন্তু সেই স্বস্তি কেড়ে নিয়ে মাসের শুরুতেই এবার ভর্তুকিহীন গ্যাসের দাম কলকাতাসহ দেশটির মেট্রো শহরগুলোতে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে।
জানা গেছে, মোটামুটি সমস্ত মেট্রো শহর মিলিয়ে সর্বাধিক ৩৭ টাকা পর্যন্ত বেড়েছে (LPG Cylinder Price) গ্যাস সিলিন্ডারের দাম। ১ জুন থেকেই প্রযোজ্য হচ্ছে এই দাম।
কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৩১ টাকা ৫০ পয়সা অর্থাৎ হরেগড়ে আপনাকে দিতে হবে ৩২ টাকা ৷ তাই আগে যেখানে কলকাতায় গ্যাসের দাম ছিল ৫৮৪ টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে হল ৬১৬ টাকা।
তবে দিল্লি এবং মুম্বইয়ে কলকাতার থেকে কিছুটা কমই দাম বেড়েছে সিলিন্ডারের। সেখানে সিলিন্ডার (১৪.২ কেজি) পিছু ১১ টাকা ৫০ পয়সা করে বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দাম। ওদিকে চেন্নাইয়ে সবচেয়ে বেশি হয়েছে দাম। সেখানে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৩৭ টাকা।
বর্তমানে, সরকার প্রতি বছর একটি পরিবার পিছু ১৪.২ কিলোগ্রাম ওজনের ১২ টি সিলিন্ডারে ভর্তুকি দেয়, প্রাথমিকভাবে গ্রাহককে বাজার মূল্যেই কিনতে হয় গ্যাস।
কেন্দ্রীয় সরকার প্রতি বছর ১২ টি সিলিন্ডারের কোটায় দেওয়া ভর্তুকির পরিমাণ মাসে-মাসে পরিবর্তিত হয়। গড় আন্তর্জাতিক এলপিজির দাম এবং বৈদেশিক বিনিময় হারের পরিবর্তনের মতো বিষয়গুলির উপরেই এই ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা হয়।
সূত্র: এনডিটিভি।

