ভারতে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বের ভোট গ্রহণ চলছে



ভারতের জাতীয় নির্বাচনের চতুর্থ পর্বের ভোট গ্রহণ চলছে। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি।

আজ সোমবার এ দফায় নয়টি রাজ্যে লোকসভার ৭২টি আসনে ভোট হচ্ছে। মহারাষ্ট্রের ১৭ টি আসনে, ১৩টি করে রাজস্থান ও উত্তর প্রদেশের, পশ্চিম বঙ্গের আটটি আসনে, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে আসনে, বিহারের পাঁচটি, ঝাড়খন্ডের তিনটি এবং জম্মু ও কাশ্মীর রাজ্যের অনন্তনাগ আসনের একটি অংশে ভোট হচ্ছে।

চতুর্থ দফার এ পর্বে ভারতের হিন্দিভাষী কেন্দ্রীয় অঞ্চলেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে। এই অঞ্চলে বড় ধরনের জয় পেয়েই ২০১৪ নির্বাচনে বাজিমাত করেছিল বিজেপি। সেবার এই ৭২টি আসনের মধ্যে ৫৬টিতে জয় পেয়েছিল ভারতের ক্ষমতাসীন দলটি।

কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ডিসেম্বরে অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে রাজস্থান ও মধ্যপ্রদেশে জয় পেয়েছিল কংগ্রেস। তাই বিজেপির জন্য এ পর্বের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিবে।