ভারতের উত্তর প্রদেশের একটি হাসপাতালে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নবজাতকসহ ৩০ শিশু মারা গেছে। ওই রাজ্যের গোরাখপুর জেলার বাবা রাঘব দাস মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটেছে। তবে ওই হাসপাতালে গত পাঁচ দিনে অন্তত ৬০ টি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, ওই হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে। তিনটি ওয়ার্ড মিলিয়ে মৃত ওই ৩০টি শিশুই এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর। বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩টি শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত মৃত্যু হয়েছে আরও ৭টি শিশুর।
এদিকে অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী বেসরকারি সংস্থাটির দাবি, ৭০ লক্ষ টাকার মধ্যে সিলিন্ডার কিনে মাত্র ৩৫ হাজার টাকা মিটিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাকি টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও টাকা মেটাচ্ছিল না হাসপাতাল। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠিও দেয় ওই সংস্থা।
তাদের দাবি, চিঠিতে তারা স্পষ্ট জানিয়েছে, ওই বকেয়া টাকা না মেটালে তাদের তরফে অক্সিজেন সরবরাহ করে যাওয়া সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা না মেটালে সরবরাহ বন্ধ করতে তারা বাধ্য হবেন বলেও হাসপাতালকে জানানো হয়েছিল।
তবে হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট আর এস শুক্লা বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানটি সরঞ্জাম সরবরাহ বন্ধ করে দেওয়ায় কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে সত্য। তবে ৩০ শিশুর মধ্যে অন্তত ১০টি মারা গেছে মস্তিষ্কে প্রদাহজনিত সমস্যার কারণে।
গোরাখপুর জেলা ম্যাজিস্ট্রেট রাজীব রতেলা সাংবাদিকদের বলেন, যেহেতু মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রশাসনকে জানিয়েছিল তাদের বিকল্প অক্সিজেন সরবরাহ ব্যবস্থা রয়েছে, কাজেই অক্সিজেন-সংকটে শিশুমৃত্যুর অভিযোগটি গ্রহণযোগ্য নয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মারা যাওয়া শিশুরা নবজাতক থেকে ১২ বছর বয়সী। এর মধ্যে ১৭টি শিশু ছিল নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে। আটটি শিশু ওয়ার্ডে এবং পাঁচটি ছিল অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোম ওয়ার্ডে চিকিৎসাধীন।
