যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার পর বর্নবাদ বিরোধী বিক্ষভে এখন সারাবিশ্বই উত্তাল। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রাক্–প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছিল এমন একটি ইংরেজি বই, যেখানে কুৎসিত বোঝাতে ব্যবহার করা হয়েছে কৃষ্ণাঙ্গের ছবি।
এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির অনলাইনের একটি খবরে বলা হয়, পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলে প্রাক্–প্রাথমিক শিক্ষার্থীদের একটি ইংরেজি বইয়ে ‘ইউ’ অক্ষরের ব্যবহার বোঝাতে লেখা হয়েছে ‘আগলি’। সেই সঙ্গে ছাপা হয়েছে এক কৃষ্ণাঙ্গের ছবি।
বাড়িতেই একজন বাবা তাঁর ছেলেকে পড়াতে গিয়ে বিষয়টি টের পান। তিনি অন্যান্য অভিভাবককে বিষয়টি জানান। পরে শিক্ষা দপ্তরে অভিযোগ করেন কলকাতার বঙ্গবাসী (সান্ধ্য) কলেজের এক অধ্যাপক। পরে এই বিষয়ে অনেকেই সোচ্চার হন। এ নিয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।
এই বিষয়ে অভিযোগ করা হয় পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরে। অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ের দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
তবে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, শিক্ষা অধিদপ্তর থেকে সুপারিশকৃত পাঠ্যবইগুলোতে অন্তর্ভুক্ত ছিল না বইটি। এটি ওই বিদ্যালয় নিজেরাই লেখে।
তবে বরখাস্ত হওয়া শিক্ষকেরা বলেছেন, বিষয়টি তাঁদের নজর এড়িয়ে যায়। ইচ্ছাকৃতভাবে করা হয়নি।

