করোনাভাইরাসের সংক্রমণ রুখতে এবার লকডাউনের পদক্ষেপ নিল দিল্লি। সোমবার, ২৩ মার্চ ভোর ৬টা থেকে ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া রাজধানীর সমস্ত দোকানপাট, অফিস বন্ধ থাকবে।
বন্ধ থাকবে গণপরিবহণ ব্যবস্থা। রবিবার সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
তবে মুদি দোকান, দুধের দোকান, ওষুধের দোকান এবং পেট্রোল পাম্প এর আওতার বাইরে রাখা হয়েছে। ফলে লকডাউন চলাকালীন এই সমস্ত জায়গা খোলা থাকবে বলে রাজ্যের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষের প্রবল সমস্যা হলেও করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউন ছাড়া আর কোনও পথ নেই। লকডাউন চলাকালীন দিল্লির সীমান্ত বন্ধ করে দেওয়া হবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তা সুনিশ্চিত করা হবে।’

