বগুড়ার প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থানগড় এলাকায় মাটি খননসহ সব ধরনের স্থাপনা নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসাথে মহাস্থানগড়ে পুলিশ মোতায়েন করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতকে পুলিশ সুপার ও বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে বলেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ জানান, ২০১০ সালের শেষ দিকে মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন নষ্ট করে স্থাপনা নির্মাণ, মাজার সম্প্রসারণ এবং প্রত্নস্থল খোঁড়াখুঁড়ি বন্ধ চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন এবং মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান।

