বর্তমান সময়ে ভালো পারফর্মেন্স নেই। ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট পাচ্ছেন না। ২০০১ সালে যখন শুরু করেছিলেন, তারপর এমন খারাপ অবস্থায় পড়েননি। এটা তো আত্মসম্মানের জায়গা। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে নিয়ে কি ভাবছেন মাশরাফি?
এমন কিছু প্রশ্নবাণে জর্জরিত করা হয় মাশরাফিকে নিয়ে। দীর্ঘদিন পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নগুলো উঠলেই জবাব দেন বাংলাদেশের ওয়ানডে কাপ্তান।
মাশরাফি বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে আত্মসম্মান ও লজ্জা, আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা-আত্মসম্মান আমি মিলাইতে পারি না। চারিদিকে এত চুরি-চামারি হচ্ছে, কই কারো তো লজ্জা লাগছে না! আর আমি মাঠে গিয়ে খেলব তাতে লজ্জা লাগবে? আমি কি চোর? উইকেট আমি নাই নিতে পারি, লজ্জা পেতে হবে কেন? আমি কি দেশের হয়ে খেলছি না? নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি?

