মাদকবিরোধী অভিযান: ১০ দিনে নিহত ১০৩




সারাদেশে চলমান মাদক বিরোধী অভিযানে গত ১০ দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জন। সর্বশেষ সোমবার রাতে আরও ১২ জন নিহত হয়েছেন।
নিহতরা সবাই মাদক কেনা-বেচায় জড়িত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। তবে তাদের বক্তব্য ও ঘটনার বিবরণ নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কথিত বন্দুকযুদ্ধে মারা পড়ার কথা জানানো হলেও এখন গুলিবিদ্ধ লাশ উদ্ধারের খবর দিয়ে বলা হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলে গোলাগুলিতে মারা পড়ছেন তারা।
এর মধ্য কুমিল্লায় দুজন, কুষ্টিয়ায় দুজন, যশোরে দুজন, ঢাকায় একজন, ময়মনসিংহে একজন, সাতক্ষীরায় একজন, বরগুনায় একজন, ঠাকুরগাঁওয়ে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন মারা গেছেন।
কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ লিটন ওরফে কানা লিটন (৪৩) এবং বাতেন (৩৪) নামে দুই ‘মাদক কারবারি’র মৃত্যুর খবর দিয়েছে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় গোমতী প্রতিরক্ষা বাঁধের পাশে ভাই ভাই ব্রিক ফিল্ডের সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে মুরাদনগ থানার ওসি এ কে এম মঞ্জুর আলম জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি কার্তুজ, একটি ছুরি ও ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। মুরাদনগরের পৈয়াপাথর এলাকার আবদুস ছামাদের ছেলে লিটনের বিরুদ্ধে ৭টি মাদক মামলা এবং বাখরনগর গ্রামের সহিদ মিয়ার ছেলে বাতেনের বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
মাদকবিরোধী অভিযানে গত এক সপ্তাহে কুমিল্লার কোতোয়ালিতে ২ জন, চৌদ্দগ্রামে ১জন, সদর দক্ষিণে ৩ জন, বুড়িচংয়ে ১ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন এবং দেবিদ্বারে ১ জন ও সর্বশেষ মুরাদনগরে ২জনসহ মোট ১২ জন নিহত হলেন।
যশোরে মাদক কারবারিদের ‘গোলাগুলিতে নিহত’ দুজনের লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। তারা হলেন শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার সেকেন্দারের ছেলে মানিক (২৭) এবং শহরতলীর মন্ডলগাতি গ্রামের জাহন আলীর ছেলে আহসান আলী (৫৬)। মানিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৯টি ও আহসান আলীর বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে মুকাদ্দেস আলী (৪২) ও ফজলুর রহমান টাইটেল (৪৮) নামে দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি পাইপ গান, ৩ রাউন্ড গুলি ও ২৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ঢাকার দক্ষিণ খানের আশিয়ান সিটি মাঠে রাত সাড়ে ১২টার দিকে কথিত বন্দুকযুদ্ধে মারা যান সুমন ওরফে খুকু সুমন (৩৫) নামে এক ব্যক্তি। ঢকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নূরুল আলম বলেন, সুমন ওই এলাকার একজন ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনের চারটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ককটেল এবং এক হাজার ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরার কলারোয়ার চুকনা এলাকায় আনিসুর রহমান আনিস (৪০) নামে একজনের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। তিনি পাকুড়িয়া গ্রামের সুরোত আলীর ছেলে। আনিসের বিরুদ্ধে সাতক্ষীরা জেলায় ১০টি মামলা রয়েছে বলে ওসি জানান।
আনিসের স্ত্রী নাজমা বেগমের দাবি, তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে গুলি চালিয়ে হত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খালাজোড়া এলাকায় জনি মিয়া (৩০) নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির অভিযোগে আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। জনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার খাইয়ার গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান মো. মিজান (৪৫) নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে মাদকের কয়েকটিসহ মোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, দুটি গুলির খোসা ও একটি রামদা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
বরগুনার বেতাগীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফিরোজ মৃধা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বেতাগী পৌরসভার ৪নং ওয়ার্ডের ফিরোজের বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে। ভোররাতে কাজিরাবাদ ইউনিয়নের কুমড়াখালি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বেতাগী থানার ওসি মামুনুর রশিদ জানিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, রিভলভারের দুই রাউন্ড গুলি, বন্দুকের দুই রাউন্ড গুলি ও ২৪০টি ইয়াবা উদ্ধারে কথা জানিয়েছে র‌্যাব।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘুড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হারুন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শীতলপুর গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে। ঘটনাস্থল থেকে ১১০ বোতল ফেনসিডিল, চারটি কার্তুজের খোসা ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।