মারা গেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ


Javier Pérez de Cuéllar_#paperslife

ইরাক ও ইরানের মধ্যে আট বছর ধরে চলা যুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব পদে থাকা হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার মারা গেছেন। পেরুর স্থানীয় সময় গতকাল বুধবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ১০০ বছর।

এএফপি জানায়, জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলারের মৃত্যুর খবর জানিয়েছেন তার ছেলে ফ্রান্সিসকো পেরেজ দ্য কুয়েলার। গত ১৯ জানুয়ারি হাভিয়ার পেরেজ দ্য কুয়েলার ১০০ বছরে পা দেন। কাল শুক্রবার তাকে সমাধিস্থ করা হবে।

তিনি ১৯৮১ সালের ১ জানুয়ারি থেকে ১৯৯১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।

জাতিসংঘের পঞ্চম মহাসচিব হাভিয়ার পেরেজ দ্য কুয়েলারের জন্ম ১৯২০ সালের ১৯ জানুয়ারি পেরুর রাজধানী লিমায়। তিনি পেরুর একজন সফল কূটনীতিক ছিলেন। তিনি এল সালভাদরের গৃহযুদ্ধ অবসানে কাজ করেছেন।

হাভিয়ারের ছেলে ফ্রান্সিসকো পেরেজ দ্য কুয়েলার বলেন, ‘এক সমস্যাসংকুল সপ্তাহ পার করে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি লিমার স্থানীয় সময় বুধবার ৮টা ৯ মিনিটে (গ্রিনিচ মান সময় অনুযায়ী বৃহস্পতিবার) মৃত্যুবরণ করেন।’