মার্কিন শেয়ার ও মুদ্রাবাজারে ঊর্ধ্বগতি




যুক্তরাষ্ট্রে চলতি জুনে প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান বৃদ্ধির খবরে গত শুক্রবার মার্কিন শেয়ারবাজার ও ডলারের মূল্যমানে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।

সরকারি উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গত মাসে ২ লাখ ২২ হাজার লোকের কর্মসংস্থান হয়েছিল। তবে বিশ্লেষকদের ধারণা ছিল, এ সংখ্যা হবে ১ লাখ ৭৩ হাজারের কাছাকাছি। তবে কর্মসংস্থান বাড়লেও মজুরি বৃদ্ধির দিকটা এখনো উপেক্ষিত। একই সঙ্গে উচ্চ মজুরির চাকরিগুলোর জন্য পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না।

কর্মসংস্থান বৃদ্ধির খবরে গত শুক্রবার ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পায়। মাইক্রোসফট ও ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলোয় এ বৃদ্ধির হার ১ শতাংশেরও বেশি।

ডলারের মূল্যমানেও গতি এসেছে। ইউরো ও অন্যান্য প্রধান মুদ্রাগুলোর বিপরীতে এর যথেষ্ট পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে। যা ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার বৃদ্ধির ধারাকে সহায়তা করার জন্য যথেষ্ট বলে দেখা হচ্ছে। ফেড চেয়ারম্যান জেনেট ইয়েলেন আগামী সপ্তাহে কংগ্রেসের দ্বিবার্ষিক অধিবেশনে যোগ দেবেন।