ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার শুরু হচ্ছে আগামী ১৭ মার্চ। সংবাদ সংস্থা এএফপি‘র খবরে এ তথ্য দেয়া হয়েছে।
মঙ্গলবার দেশটির আইন মন্ত্রণালয় এ তারিখ ঘোষণা করেছে। এক বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলের তৃতীয় সাধারণ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ পর এ বিচার শুরু হবে।
এদিকে নেতানিয়াহু হবেন প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হচ্ছে। যদিও তিনি বরাবরই অপরাধের কথা অস্বীকার করে আসছেন।
এক বিবৃতিতে ইসরায়েলের আইন মন্ত্রণালয় জানিয়েছে, নেতানিয়াহুকে জেরুজালেমের ডিস্ট্রিক্ট কোর্টে তার বিরুদ্ধে অভিযোগের প্রথম শুনানিতে হাজির হতে হবে। তিন বিচারকের প্যানেলের এ শুনানি অনুষ্ঠিত হবে। মামলার রায় ও আপিলসহ তা নিষ্পত্তিতে কয়েক বছর লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েলি আইনে সরকারের কোনো মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চললে তাকে পদত্যাগ করতে হয়। কিন্তু এটা প্রধানমন্ত্রীর জন্য প্রযোজ্য নয়। আগামী নির্বাচনে লিকুদ পার্টি যদি পর্যাপ্ত আসনে জয়ী হয়, তাহলে ৭০ বছর বয়সী নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হওয়ার পথে কোনো বাধা থাকবে না।
যদিও এর আগে এপ্রিল ও সেপ্টেম্বরে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি তার দল লিকুদ পার্টি।

