চিটাগং ভাইকিংসের বিপক্ষে রংপুর রাইডার্সের রান তাড়ার সেটি ১৭তম ওভার। শুভাশিস দারুণ এক ইয়র্কার করলেন, ঠেকালেন ব্যাটসম্যান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করেই বল মাশরাফির দিকে ছুড়ে মারতে উদ্যত হলেন শুভাশিস। মাশরাফি হাত ইশারায় বললেন, ‘যা’।
আর যায় কোথায়, শুভাশিস জ্বলে উঠলেন তেলেবেগুনে। তেড়ে গেলেন মাশরাফির দিকে। মাশরাফির অবাক দৃষ্টি। শুভাশিস তবু থামার পাত্র নন। সতীর্থরা এসে যখন টেনে নিচ্ছেন, শুভাশিস তখনও হাত-পা ছুড়ে গর্জে যাচ্ছেন। মাশরাফি স্রেফ তাকিয়ে একদৃষ্টে!
সরাসরি সম্প্রচারের সুবাদে এই ঘটনা প্রত্যক্ষ করেন কোটি কোটি দর্শক। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা, যেখানে কাঠগড়ায় তোলা হচ্ছে শুভাশিস রায়কে।
পরিস্থিতি শান্ত করতে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সরাসরি লাইভে এসেছেন মাশরাফি। এই বিষয়ে বাড়াবাড়ি করতে বারণ করেছেন; ক্ষমা চেয়েছেন দেশবাসী ও শুভাশিসের কাছেও। তারই সুর ধরে সামাজিক গণমাধ্যমে আরও একটি ভিডিও বার্তায় মাশরাফির কাছে ক্ষমা চেয়েছেন শুভাশিস রায়।
মাশরাফির সেই ভিডিওর কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে এসেছেন জাতীয় দলের আরেক পেসার তাসকিন আহমেদ। ভিডিওতে দেখা যায়, তাঁর সঙ্গে সেখানে উপস্থিত ব্যাটসম্যান এনামুল হক, শুভাশিস ও মাশরাফি। শুরুতেই তাসকিন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। শুভাশিস রায়কে কিছু বলতে বললে ‘লাজুক’ শুভাশিস ‘না, না…তুই বলে দে’ বলে সরে যান। পরে মোবাইল হাতে নিয়ে আবারও কথা বলেন রংপুর রাইডার্স ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।
মাশরাফি বলেছেন, ‘আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আর ও (শুভাশিসের দিকে ইঙ্গিত করে) পুরোপুরি ঠিক আছি। আপনারাও সবাই ঠিক থাকেন, শান্তিতে থাকেন। ইনশা আল্লাহ সামনে আবার দেখা হবে।’ চিটাগং ভাইকিংসের দুই পেসার তাসকিন ও শুভাশিসকে আবারও অভিনন্দন জানিয়েছেন ম্যাশ। অপ্রীতিকর এই ঘটনার শেষ টানতেই হয়তো মাশরাফি-শুভাশিস একসঙ্গে লাইভে এসেছেন। ‘ধন্যবাদ, আর ও কিছু বলবে…’—এই বলে যখন মাশরাফি মোবাইল এগিয়ে দিয়েছেন, তখন শুভাশিস হাসিমুখে বলেছেন, ‘সরি ভাই, সরি ভাই।’
হাসিঠাট্টায় ভরা ছিল ভিডিও বার্তাটি। একেবারে শুরুতেই ক্যামেরার সামনে না থাকা একটি কণ্ঠস্বর খুলনার আঞ্চলিক ভাষায় বলছিলেন, ‘এত কিছু মানুষকে বোঝাতি হবে না, তাইলে ওরা আরও পাইয়ে বসবে। আমারে আমার মতো ঝামেলা মিটাইতে দাও।’ সেটা যে মাশরাফি নিজেই, এটা অনুমান করে নিতে কষ্ট হয় না। এবং তাঁর নির্দেশেই যে তাসকিন এই ভিডিওটি লাইভ করেছেন, সেটাও পরিষ্কার হয়। শেষ দিকে এনামুল ও তাসকিন শুভাশিসকে নিয়ে মজা করেছেন। দেশের ক্রিকেটে হুট করে আসা কালো মেঘটা যেন মুহূর্তের মধ্যেই ফাঁকা হয়ে গেল এই ঘটনায়।
