‘মিডিয়ার সামনে কথা বলার উপর কোর্স করছি’




বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। বর্তমান অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। টেস্ট দলের অধিনায়কের পদ থেকে বহিস্কারের পর পাওয়া যায়নি মুশফিককে।
গতকাল মিরপুর ১৩ তে এক হোটেল উদ্বোধনের সময় পাওয়া যায় তাঁকে। তবে তিনি কিছু বলতে রাজি হননি। শুধু হেসে একটি কথাই বলেন, “মিডিয়ার সামনে কথা বলার উপর কোর্স করছি।”
অনেক চাপা ক্ষোভ জমে থাকে মনের ভেতর। সেই ক্ষোভ বেরিয়ে আসে বিভিন্ন কথার মধ্য দিয়ে। গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। টেস্ট, ওডিআই কিংবা টি২০ – কোনো ডিপার্টমেন্টেই প্রতিদ্বন্দিতা গড়তে পারেনি বাংলাদেশ। টেস্টে ব্যর্থতার দায়ভার নিতে হয়েছিল টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে।
এই দায়ভার মাথায় নিয়ে অনেক কথাই বলেছিলেন মিডিয়ার সামনে। তার সে সব কথায় বিরাগভাজন হতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের কর্তা বিসিবি ও কোচ হাতুরুসিংহের কাছে।
কিছুদিন আগে কোচ হাতুরুসিংহে পদত্যাগ করেছেন, দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কা জাতীয় দলের। যাওয়ার আগে দোষ চাপিয়ে গেছেন সিনিয়র ক্রিকেটারদের উপর। মুশফিকের সাথে তার মনমালিন্য ছিল, তা এখন ওপেন সিক্রেট।
ব্যর্থতার দায়ভার চাপিয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। এ সব নিয়ে মিডিয়ার সামনে কিছু বলতে না চাইলেও বাংলাদেশের সাবেক অধিনায়কের এই বক্তব্য তাঁর মনে জমে থাকা চাপা ক্ষোভেরই বহিঃপ্রকাশ।