রাজধানীর মিরপুর মাজার রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ছয় তলা ভবনের ভেতরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ অন্তত সাতজন অবস্থান করছেন বলে ধারণা করছে র্যাব।
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলছেন, আবদুল্লাহ নামের ‘দুর্ধর্ষ’ এক জঙ্গি, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ মোট সাতজন ওই ভবনের পঞ্চম তলায় অবস্থান নিয়ে আছে বলে তারা জানতে পেরেছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে বলেছি। সে সময় চেয়েছে। যেহেতেু ভেতরে দুটি বাচ্চা রয়েছে, আমরা তাকে সময় দেব। চূড়ান্ত অভিযানের জন্য আমরা প্রস্তুত। এখন তার সিদ্ধান্তের ওপরই সব কিছু নির্ভর করছে।’
ইতিমধ্যে ওই বাড়ির বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পুরো এলাকা র্যাব ঘিরে রাখায় স্থানীয় বাসিন্দাদের সময় কাটছে একপ্রকার বন্দি অবস্থায় উৎকণ্ঠার মধ্যে।
টাঙ্গাইলের এলেঙ্গায় সোমবার রাতে এক বাড়িতে অভিযান চালিয়ে ‘জেএমবির জঙ্গি’ দুই ভাইকে ড্রোন ও দেশীয় অস্ত্র আটক করার পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে ঢাকায় র্যাবের এই অভিযান শুরু হয়।
মাজার রোডের পাশে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধনবাড়ি ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি হোল্ডিংয়ে ছয় তলা ওই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ নামের এক ব্যক্তি। তিনি নিজেও পরিবার নিয়ে ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।
মুফতি মাহমুদ খান জানান, ‘র্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর রাত ১টার দিকে সেখান থেকে চারটি বোমা ছোঁড়া হয়। তবে তাতে কেউ হতাহত হননি। ওই বাড়ি থেকে ছোড়া বোমার মধ্যে পেট্রোল বোমাও রয়েছে। সেখানে আরও বিস্ফোরক থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য রয়েছে।”
এদিকে রাতেই ফায়ার ব্রিগেডের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোরের দিকে ওই গাড়ি থেকে জঙ্গি আস্তানার চারপাশে পানি ছিটানো হয়। ঝুঁকি এড়াতে ওই ভবনের বিভিন্ন ইউনিট এবং লাগোয়া বাড়িগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ শুরু করেন র্যাব সদস্যরা।
মুফতি মাহমুদ খান বলেন, ‘ওই ভবন থেকে ৬৫ জনকে সরিয়ে এনে স্থানীয় একটি স্কুলের রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ভেতরে থাকা জঙ্গির নাম আবদুল্লাহ। যাদের সরিয়ে আনা হয়েছে, তাদের মধ্যে আবদুল্লাহর এক বোনও আছে। আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার সময় সেই বলেছে, যেন অন্যদের সঙ্গে তার বোনকেও সরিয়ে নেওয়া হয়। আমরা মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত রেখেছি। আবদুল্লাহকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। সে জানিয়েছে, সে ভাবছে।’
