মিয়ানমার থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারকে আরও চাপ দেবে ওআইসি। রোহিঙ্গাদের বসতভিটাও ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া বিশ্বের বিভিন্ন ফোরামে ওআইসি রোহিঙ্গা ইস্যুটি তুলে ধরবে।
আজ বৃহস্পতিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন করে ইসলামি দেশগুলোর সহযোগিতাবিষয়ক জোট ওআইসির একটি প্রতিনিধিদল। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলা শেষে এমন মন্তব্য করেন ওআইসির একটি মানবাধিকার সংস্থার (আইপিএইচআরসি) চেয়ারম্যান রশিদ আল-বালুসি।
বেলা ১১টার দিকে ঢাকা থেকে ওআইসির প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক মো. আলী হোসেন ভিডিও চিত্রের মাধ্যমে রোহিঙ্গা পরিস্থিতি ও সংকটের সার্বিক চিত্র প্রতিনিধিদলের কাছে তুলে ধরেন।
বেলা সোয়া দুইটার দিকে ১৩ সদস্যের প্রতিনিধিদলটি সড়কপথে কক্সবাজার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে পৌঁছায়। এ সময় ওআইসির বাংলাদেশের প্রতিনিধি সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির তাঁদের সঙ্গে ছিলেন। প্রতিনিধিদলটি কুতুপালং শিবিরে গিয়ে প্রথমে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে মধুরছড়া ৩ নম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে তাঁরা ১৪ জন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন।
ওআইসির প্রতিনিধিদলকে রোহিঙ্গা সদস্যরা বলেন, গত বছরের ২৪ আগস্ট সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা মুসলমানদের ওপর বর্বরোচিত অত্যাচার–নির্যাতন শুরু করে। গুলি করে হত্যা, নারীদের ধর্ষণসহ আগুন দিয়ে রোহিঙ্গাদের হাজার হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। এ পর্যন্ত সাড়ে ছয় লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতার পরিচয় দিয়েছে। নাগরিকত্বসহ মৌলিক অধিকার পুনরুদ্ধারে রোহিঙ্গারা ওআইসির সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিনিধিদলটি আগামীকাল শুক্রবার উখিয়া বালুখালী রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফেরার কথা।
আরও পড়ুন;
৪৫০ জন হিন্দু রোহিঙ্গাকে ফিরিয়ে নিচ্ছে মিয়ানমার
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে
