আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে আপাতত আসছেন না আমন্ত্রিত বিদেশি অতিথিরা। সেইসাথে এই অনুষ্ঠানে কোন জনসমাগমও হচ্ছে না বলে জানিয়েছেন মুজিববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
রোববার (৮ মার্চ) রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এসময় আবদুল নাসের চৌধুরী বলেন দেশে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান বন্ধুপ্রতিম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসছেন না।
বিদেশি অতিথিদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত তারা আসবেন না। পরে বিদেশি অতিথিদের ডাকা হবে। যেহেতু আমরা বর্তমান কর্মসূচি পুনর্বিন্যাস করছি, সেহেতু নতুন কর্মসূচি আপনাদেরকে জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও জনসমাগম পরিহার করার কথা বলা হয়েছে। কোনো অনুষ্ঠান স্থগিত রাখা হয়নি। কর্মসূচি যেভাবে সাজানো হয়েছিল সেটা পুনর্বিন্যাস করা হবে। প্যারেড স্কয়ারে জনসমাগমের যে অনুষ্ঠানটি সেটাকে পুনর্বিন্যাস করে পরবর্তীতে করা হবে। তবে বঙ্গবন্ধু ভবনে যে শ্রদ্ধা নিবেদন এবং টুঙ্গিপাড়ায় যে শ্রদ্ধা নিবেদন সেই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি সারা বাংলাদেশের দোয়া মাহফিল এবং শ্রদ্ধাজ্ঞাপনও করা হবে।
এসময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল (সোমবার) আমাদের জাতীয় কমিটির সভা আছে, সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করবো।
উল্লেখ্য, দেশে বর্তমানে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। উভয়েই ইতালিফেরত। সেইসাথে আরও দুজনকে করোনা আক্রান্ত সন্দেহে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

