মুজিববর্ষে বাড়িঘরের সৌন্দর্য বর্ধনের নির্দেশ


dncc house#papaerslife

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মূল সড়কের পাশে থাকা বাড়ি ঘরের দেয়াল রঙ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে ডিএনসিসি।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী -‘‘মুজিববর্ষ’’ উপলক্ষে শহরকে দৃষ্টি আকর্ষণ করতে মূল সড়কসমূহের পাশে থাকা বাড়ি, গেট ও বাউন্ডারি ওয়াল প্রয়োজনীয় সংস্কার ও রঙ করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।’

আগামী ১৪ মার্চ, ২০২০ তারিখের মধ্যে বাড়ি বা স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার ও রঙ করার কাজ সম্পন্ন করে জাতির পিতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরকার বলেছেন, ‘প্রধান সড়কগুলোর পাশে যেসব বাড়ি বা ভবন রয়েছে, তাদের মালিকদের আমরা চিঠি দিয়ে অনুরোধ করেছি যেন তারা ভবনগুলো ঠিক মতো রঙ করেন বা সংস্কার করেন।

স্থানীয় সরকার কর্তৃপক্ষ দ্বারা রঙ করতে বাধ্য করার ঘটনা খুব বিরল। যদিও এর আগে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ চলার সময় যানবাহন ও গুরুত্বপূর্ণ সড়কের সব বাড়িতে নতুন রঙ করার নির্দেশ দিয়েছিল সরকার।

সেসময় বলা হয়েছিল, গাড়িতে রঙ করা না হলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করবে। আর বাড়িতে রঙ করা না হলে সিটি করপোরেশন রঙ করে দেবে, তবে খরচ বহন করতে হবে বাড়ির মালিককে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলছেন, স্থানীয় সরকার আইনে আছে যে, যদি কোনো ভবন বিপজ্জনক হয়, জনজীবনের জন্য হুমকি হয়, ক্ষতিকর মনে হয়, তাহলে সেটার সংস্কার করার জন্য তারা আদেশ দিতে পারবে।

তিনি আরো বলেন, শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য বাড়ির মালিকদের রঙ করতে, সংস্কার করতে বাধ্য করার নজির বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। তারা অনুরোধ করতে পারে, কিন্তু বাধ্য করতে পারে না।’