মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়েছে ইতালি



মৃত্যুর মিছিলে চীনকে ছাড়িয়েছে ইতালি
Medical workers in overalls stretch a patient under intensive care into the newly built Columbus Covid 2 temporary hospital to fight the new coronavirus infection, on March 16, 2020 at the Gemelli hospital in Rome. (Photo by ANDREAS SOLARO / AFP) (Photo by ANDREAS SOLARO/AFP via Getty Images)


নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে ক্রমান্বয়ে পরিস্থিতির উন্নতি ঘটলেও বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালি। করোনা সংক্রমণের এক মাস না গড়ানোর আগেই ইতালিতে মৃতের সংখ্যা ছাপিয়ে গেছে চীনকে।

দেশটিতে আগের ২৪ ঘণ্টায় ৪২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই সংখ্যা নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ৪০৫ জনে। অন্যদিকে বৃহস্পতিবার নাগাদ চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২৪৫ জন।

এদিকে যে হুবেই প্রদেশে থেকে এই ভাইরাসের প্রথম সংক্রমণ ঘটেছিল বলে ধরে নেওয়া হচ্ছে, সেখানে বুধবার প্রথমবারের মতো কোনো নতুন রোগী পাওয়া যায়নি।

আর গোটা চীনে এদিন নতুন রোগী পাওয়া গেছে মাত্র ৩৪ জন, তারাও বাইরে সংক্রমিত হওয়ার পর চীনে এসেছে বলে চীনের কর্মকর্তারা জানিয়েছেন। সব মিলিয়ে চীনে আক্রান্তের মোট সংখ্যা এখন ৮১ হাজার ১৭৪ জন। আর দেশটিতে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়েছে মাত্র আটজন।

অন্যদিকে আক্রান্তের সংখ্যা চীনের অর্ধেক হলেও মৃতের সংখ্যা এখন ইতালিতে চীনের চেয়ে ১৬০ জন বেশি। ইতালিতে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৩৫।

ইতালিতে বুধবার রেকর্ড ৪৭৫ জনের মৃত্যুর পর বৃহস্পতিবার সংখ্যাটি ৪২৭ এ নেমে এলেও চীনকে ছাড়ানোর জন্য সেটাই যথেষ্ট হয়ে দাঁড়ায়। দেশটিতে এখনও ২ হাজার ৪৯৮ রোগী রয়েছে আইসিইউতে।

সব মিলিয়ে বিশ্বে এখন নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের মতো, আর মৃতের সংখ্যা ৯ হাজার।

উল্লেখ্য, গত বছরের শেষ মাস ডিসেম্বরের একেবারে শেষ দিকে চীনের উহান শহরে প্রথম নতুন ধরনের এই করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। অন্য প্রদেশগুলোতে দ্রুত ছড়িয়ে যাওয়ার পর ভিন্ন দেশেও ভাইরাস সংক্রমণ দেখা দেয়। তখন এই ভাইরাসের নাম দেওয়া হয় নভেল করোনাভাইরাস, আর এর ফলে সৃষ্ট রোগ নাম পায় কভিড-১৯, যার লক্ষণ জ্বর, মাথাব্যথা ও শ্বাসজনিত সমস্যা।