এবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ থেকে মাটিচাপা দেয়া কয়েক বস্তা ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, শনিবার মাটিচাপা দেওয়া এসব ওষুধ ও সরঞ্জাম হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশ থেকে উদ্ধার করা হয়।
এছাড়াও, প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১০ বস্তা বিভিন্ন ধরনের ওষুধ ও গজ ব্যান্ডেজসহ নানা ধরনের চিকিৎসা সরঞ্জাম হাসপাতালের সেপটিক ট্যাংকের পাশে কবরের মতো করে মাটিচাপা দেওয়া ছিল। সকালে ঝড় ও বৃষ্টির পানিতে মাটি ধুয়ে যাওয়ার ফলে ওষুধের বস্তাগুলো বের হয়ে পড়ে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শাহজাহান আলী জানান, তিনি দায়িত্বে আসার পর এমন কোন ঘটনা ঘটেনি। তবে তার যোগদানের আগে এ রকম ঘটনা ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে, সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ওষুধগুলো আমরা উদ্ধার করেছি। তবে কী কারণে এসব ওষুধ মাটির নিচে রাখা হয়েছিলো তা তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে গজ-ব্যান্ডেজ সহ বেশিরভাগ ওষুধের মেয়াদ এখনো আছে বলেও জানান তিনি।

