মহিলা ফুটবল লিগের প্রথম ম্যাচেই বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাবকে ১২-০ ব্যবধানে হারিয়ে দুরন্ত সূচনা করেছে বসুন্ধরা কিংস।
শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কৃষ্ণা রানী সরকার ও সাবিনা খাতুনের হ্যাটট্রিকে এই গোল উৎসবে মেতে ওঠেন তারা।
এছাড়া মিশরাত জাহানের জোড়া গোলের পাশাপাশি ম্যাচের অন্য তিনটি গোল মারিয়া মান্ডা, নার্গিস ও শিউলি আজিমের।
জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ বসুন্ধরা এই লিগের ফেভারিট। প্রথম ম্যাচেই এমন দাপুটে জয় তাই প্রত্যাশিতই ছিল। তবে উত্তরার আনোয়ারা স্পোর্টিং ক্লাবের জন্য এমন হার হজম করাটা কঠিনই।
পুরো ম্যাচে কিংসের খেলোয়াড়দের আটকাতেই ব্যস্ত থাকতে হয়েছে। গোলরক্ষক বেশ কিছু সেভ করেছেন, কমপক্ষে চারটা বল ক্রসবারে লেগে ফিরেছে। নইলে ব্যবধানটা আরো বড়ও হতে পারতো।

