মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াল। ইউরোপের দেশটিতে বর্তমানে মৃতের সংখ্যা ১০ হাজার ৬১২।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৭৩৭ জন মারা গেছে। বার্তা সংস্থা রয়টার্স দেশটির জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে আজ এক প্রতিবেদনে জানিয়েছে, টানা দুদিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমেছে। গত পড়শু একদিনে মৃতের সংখ্যা ছিল ৯৩৮ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৫ হাজার ২৮৮ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৮৪ হাজার ২৭৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যে করোনার সংক্রমণ এখন সেখানে ‘সর্বোচ্চ শিখরে’ পৌঁছাচ্ছে। একদিনে মৃত্যুর হিসাবে স্পেন ও ইতালিকে ছাড়িয়ে যাওয়ার পর এমন শঙ্কা করা হয়। দেশটিতে এখন লকডাউন চলছে।

