“যেকোনো দলকে হারাতে পারি”


paperslife

সবে মাত্র দ্বিতীয় টেস্ট খেলেছে আফগানিস্তান। গত বছর ভারতের বিপক্ষে খেলার মধ্য দিয়ে টেস্ট পরিবারের নতুন সদস্য হিসেবে যাত্রা শুরু করে দক্ষিণ এশিয়ার দেশটি। নিজেদের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে আড়াই দিনে টেস্ট পরাজয়ের মধ্য দিয়ে নতুন পথে যাত্রা শুরু হলেও দ্বিতীয় টেস্টে এসেই জয় ছিনিয়ে নিয়েছে টেস্ট পরিবারের নবীন সদস্য দেশটি।

গতকাল ভারতের দেহারদুনে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারানোর মধ্য দিয়ে নতুন ইতিহাস রচনা করে আফগানরা। ইতিহাসে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পাওয়া আফগানিস্তান এই দিনকে নিজেদের ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক দিন বলে আখ্যায়িত করেছে।

এই জয়ে উচ্ছ্বসিত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি বলেন, ‘আফগানিস্তানের জন্য ঐতিহাসিক একটা মুহূর্ত। বিশেষ করে তাঁদের জন্য যাঁরা শূন্য থেকে টেস্ট ক্রিকেট খেলার মতো জায়গায় উঠে এসেছে।’

তার মতে, তার দলে রয়েছে বিশ্বসেরা স্পিনার। ১৪৭ রানের লক্ষ্যে সহজ জয়ে ব্যাটসম্যানদের সাফল্য অনস্বীকার্য। রহমত শাহ, ইহসানুল্লাহদের ব্যাটিং দল হিসেবে আরো এগিয়ে দিবে বলে মনে করেন মোহাম্মদ নবি।

যদি তাঁদের ব্যাটিং ঠিকঠাক খেলতে পারে তা হলে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে আফগানিস্তান। নবি বলেন, ‘আমরা বড় রান তুলতে পারলে, যে কোনও দলকে হারাতে পারি।’

আয়ারল্যান্ড প্রথমে ১৭২ রান তোলার পরে রহমতের ব্যাটিংয়ের দাপটে প্রথম ইনিংসে ৩১৪ রান তুলেছিল আফগানরা। আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে করে ২৮৮। রশিদ খান দু’ইনিংস মিলিয়ে নেন সাত উইকেট।