যৌথ ঘোষণায় স্বাক্ষর ট্রাম্প-কিমের




ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন সিঙ্গাপুরে আলোচনার টেবিলে বসার পর আজ মঙ্গলবার যৌথ চুক্তিতে সই করেন। সই করা ওই চুক্তির ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বের হয়ে আসতে রাজি করাতে পেরেছে যুক্তরাষ্ট্র।
এই যৌথ ঘোষণা সম্পর্কে ট্রাম্প বলেছেন এটি ‘খুব গুরুত্বপূর্ণ’ এবং ‘বেশ ব্যাপক’ এবং তিনি ও ‘চেয়ারম্যান কিম’ এটি স্বাক্ষর করে ‘দুজনেই খুব সম্মানিতবোধ করছেন’।
কিম বলেছেন, “আমরা একটি ঐতিহাসিক বৈঠকে মিলিত হয়েছি এবং অতীতকে পেছনে ফেলে আসার সিদ্ধান্ত নিয়েছি।” ‘এই বৈঠক হওয়ার জন্য’ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ট্রাম্প-কিম যৌথ ঘোষণার প্রধান তিনটি পয়েন্ট বিবিসির প্রতিবেদন অনুযায়ী তুলে ধরা হল:
যুক্তরাষ্ট্র ও ডিপিআরকে (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) শান্তি ও সমৃদ্ধির জন্য দুই দেশের জনগণের আকাঙ্খানুযায়ী নতুন ইউএস-ডিপিআরকে সম্পর্ক স্থাপনে প্রতিশ্রুতিব্ধ থাকবে।
কোরীয় উপদ্বীপে দীর্ঘমেয়াদি ও স্থায়ী শান্তির শাসন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও ডিপিআরকে তাদের উদ্যোগ যুক্ত করবে।
চলতি বছরের ২৭ এপ্রিলের পানমুনজোম ঘোষণা পুনর্নিশ্চিত করে কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করার লক্ষ্যে কাজ করতে ডিপিআরকে এর প্রতিশ্রুতি।
সন্ধ্যা সাতটায় এয়ার ফোর্স ওয়ানে করে সিঙ্গাপুর ছাড়বেন ট্রাম্প।
এদিকে, দুপুরেই চুক্তি সইয়ের পর সেন্তোসা দ্বীপ ছেড়ে গেছেন কিম জং-উন ও তাঁর দলবল।
চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেছেন, ‘কিমকে অবশ্যই আমি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাব।’ এ ছাড়া তাঁর সঙ্গে ‘বিশেষ বন্ধন’ তৈরির কথা বলেন তিনি। কিমের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘তিনি খুব ভালো আলোচক। নিজের দেশের মানুষের পক্ষে তিনি সমঝোতা করছেন।’
কিমকে কেমন দেখলেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘খুব বুদ্ধিমান মানুষ। তাঁর দেশকে তিনি খুব ভালোবাসেন।’
আবার কিমের সঙ্গে বসার কথা বলেছেন ট্রাম্প। এ ছাড়া দ্রুত পারমাণবিক নিরস্ত্রীকরণ কর্মসূচি শুরুর কথা বলেন তিনি।
এদিকে দুই দেশের মধ্যে ঐতিহাসিক এ বৈঠককে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের দিক থেকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওই বৈঠকের প্রশংসা করেছেন।