বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের অডিওতে গাইলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাঘব চ্যাটার্জি। গানের শিরোনাম ‘স্বপ্ন বেচাঁর দামে’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সম্প্রতি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও।
গালিব সরদারের কথায়, এহসান রাহীর কম্পোজিশনে গানটির সঙ্গীতায়জন করেছেন আমজাদ হোসাইন। গানটির ভিডিও নির্মান করেছে নয়েজ এন্টারটেইমেন্ট।
ভিডিওটি পরিচালনা করেছেন সুস্ময় সুমন। এতে মডেল হিসেবে দেখা যাবে জোভান এবং নাদিয়া নদীকে। ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘আই লাফ ইউ’ এর থিম সং এটি।
গান প্রসঙ্গে রাঘব চ্যাটার্জি বলেন, ‘এখানকার গানের কথা, সুর, সংগীতায়জন এবং শিল্পীদের পরিবেশনা খুব সমৃদ্ধ ও উঁচু মানের। আমি মনে করি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। গালিব সরদার এবং এহসান রাহী’র সাথে এর আগেও আমার কাজ হয়েছে। বরাবরের মতো ‘স্বপ্ন বেচাঁর দামে’ গানটিতেও তারা প্রতিভার স্বাক্ষর রেখেছে। আশা করছি গানটির অডিও এবং ভিডিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’
গানটির ভিডিও ও ওয়েব সিরিজটির নির্মাতা সুস্ময় সুমন বলেন, ”অনেকদিন ধরেই ইচ্ছা ছিল চমৎকার কোনো গানের ভিডিও নির্মাণ করব। ‘আই লাফ ইউ’ ওয়েব সিরিজের মাধ্যমে ইচ্ছাটা পূরণ হলো। রাঘব চ্যাটার্জি নামকরা গায়ক, তাঁর গানে কাজ করতে পেরেছি, এটাও বড় পাওয়া। ভিডিওটিতে চমৎকার কাজ করেছেন জোভান ও নাদিয়া। আশা করি সামনে আরো বেশ কিছু মিউজিক্যাল ফিকশন নির্মাণ করতে পারব। ”
