রাজধানীতে নিজের সন্তান হত্যাকারী বাবা গ্রেপ্তার


ঢাকা, Dhaka District #paperslife

জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা করে তারই বাবা। এ ঘটনায় বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। ঘটনাটি ঘটে রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইলে।

বুধবার (১ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান।

ওই শিশুর নাম মাহিম। তার বয়স ছিল মাত্র ৩ বছর ৭ মাস। জানা যায়, গত সোমবার (২৯ জুন) র‌্যাব-১০ এ হাজির হয়ে নিহত শিশু মাহিমের বাবা মো. জুলহাস (৩১) অভিযোগ দাখিল করেন যে, তার ছেলে মাহিমকে গত ২৭ জুন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কেউ হয়তোবা অপহরণ করে নিয়ে গেছে। অপহরণের বিষয়ে ভুক্তভোগীর বাবা যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৩০ জুন) র‌্যাব-১০ ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল মৃধাবাড়ি রাজমহল হোটেলের সামনে থেকে অপহরণের সঙ্গে জড়িত মো. জুয়েল ব্যাপারীকে (২০) গ্রেপ্তার করে।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল নিহত মাহিমকে অপহরণের কথা স্বীকার করেন। এবং এই অপহরণের সঙ্গে মাহিমের বাবা জুলহাস ওরফে ফারুকেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে জানায়৷ এ কথা জানার পরই র‌্যাব জুলহাসকে মাতুয়াইল দরবার শরীফ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে নিহত ওই শিশুর বাবা জুলহাস এবং অপর অপহরণকারী জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে তারা অপহরণ করে জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করিয়ে মাহিমকে হত্যা করেছে বলে স্বীকার করেন।