এ পর্যন্ত রাজধানীতে সবচেয়ে বেশি (৩৬ জন) করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর যে সব এলাকায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তারমধ্যে মিরপুর সবচেয়ে এগিয়ে। মণিপুর, সেনপাড়া, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এই তালিকায় রয়েছে।
আইইডিসিআর এর ওয়েবসাইটের সবশেষ তথ্য অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের তথ্যমতে, রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজার, হাজারীবাগ, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, লালমাটিয়া, মগবাজার, উত্তরা, উত্তরখান, আজিমপুর, কলাবাগান, রামপুরা, বাসাবো, মহাখালী, বনানী, গুলশান, বারিধারা, খিলক্ষেত এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
বিদেশফেরত মানুষের মাধ্যমেই দেশে প্রথম করোনার সংক্রমণ ঘটেছে। ৬১ জন আক্রান্তের মধ্যে ১৬ জন বিদেশফেরত। বিদেশফেরতদের মধ্যে ইতালির ৬ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন, সৌদি আরবের ২ জন। এছাড়াও কুয়েত, বাহারাইন, ভারত, জার্মানি ও ফ্রান্সের একজন করে রয়েছে।
বিভিন্ন সময়ে এই ১৬ জন দেশে আসে। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় এ ভাইরাস ছড়িয়ে পড়ে। আইইডিসিআর এর তথ্য অনুযায়ী, রাজধানীর মিরপুরে নয়জন রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মণিপুরে পাঁচজন, সেনপাড়ায় দু’জন, মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় একজন করে রোগী আছেন।
বাসাবো এলাকায় চারজন, পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তিনজন শনাক্ত হয়েছে। মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখানে দু’জন করে রোগী আছেন। এছাড়া যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত এলাকায় একজন করে রোগী শনাক্ত হয়েছেন।

