মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন রিপাবলিকান শিবির ও রাশিয়ার ‘সম্ভাব্য আঁতাত’ নিয়ে তদন্তকে যারা সমর্থন দিয়েছিল, তারা ২০১৬-র নির্বাচনের ফল উল্টে অবৈধভাবে ক্ষমতা দখলে চেষ্টা করেছিল।
গতকাল বৃহস্পতিবার মিশিগানে রিপাবলিকান পার্টির এক প্রচার সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
ট্রাম্প বলেন, “তিন বছর ধরে বলা মিথ্যা, কলঙ্ক লেপন ও অপবাদের পর অবশেষে শেষ হতে যাচ্ছে রাশিয়া (তদন্ত) নিয়ে ধাপ্পাবাজি। আঁতাতের বিভ্রম কেটে গেছে। রাশিয়া নিয়ে এ উইচ হান্টের পরিকল্পনা ছিল তাদের, যারা নির্বাচনে হারের পর নিষ্পাপ মার্কিনিদের ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। অনেক নিষ্পাপ মার্কিনি এ বিস্তৃত ধাপ্পাবাজির শিকার হয়েছে,”
গ্র্যান্ড র্যাপিডসে হওয়া এ প্রচার সমাবেশে ট্রাম্প ডেমোক্রেট পার্টি ও গণমাধ্যমের ওপরও একহাত নিয়েছেন।
“তারা অসুস্থ, তাদের দায় খতিয়ে দেখা উচিত; কারণ তারা মিথ্যা বলেছে, এটা যে মিথ্যা, তা তারা জানতো,” বলেছেন তিনি।
ট্রাম্প ক্ষমতায় বসার কয়েক মাস পর মার্কিন বিচার বিভাগ ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে কোনো আঁতাত হয়েছিল কিনা এবং এ সংক্রান্ত এফবিআইয়ের তদন্তে মার্কিন প্রেসিডেন্ট বাধা দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে মুলারকে স্পেশাল কাউন্সেল হিসেবে নিয়োগ দেন।
দীর্ঘ ২২ মাস পর গত সপ্তাহেই মুলার তার তদন্ত প্রতিবেদন জমা দেন; ওই প্রতিবেদনে ট্রাম্প শিবিরের কারও সঙ্গেই রাশিয়ার কোনো আঁতাত ছিল না বলে রোববার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সারসংক্ষেপে বলা হয়েছে।
স্পেশাল কাউন্সেলের ৩০০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে ‘ট্রাম্প-রাশিয়া’ আঁতাতে প্রমাণ না পাওয়ার কথা বলা হলেও, মার্কিন প্রেসিডেন্ট এ সংক্রান্ত এফবিআইয়ের তদন্তে বাধা দিয়েছিলেন কিনা তার সুস্পষ্ট উত্তর নেই।

