রাশিয়ায় শপিং মলে অগ্নিকান্ডে নিহত ৬৪




রাশিয়ার সাইবেরীয় একটি বিপণি বিতানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। আরও অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে।
গত রবিবার উইন্টার চেরি কমপ্লেক্স নামের ওই শপিং মলের উপরের ফ্লোরে যখন আগুনের সূত্রপাত হয়, অনেকেই তখন সিনেমা দেখায় মগ্ন ছিলেন।
ঠিক কীভাবে ওই বিপণি বিতানে আগুন লাগে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
রাশিয়ার সংবাদমাধ্যম স্পাতনিক তাদের প্রতিবেদনে জানায়, উইন্টার চেরি নামের একটি ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে। ভবনের যে অংশে সিনেমা হল এবং বিনোদনের জায়গা ছিল, মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে সিনেমা হলগুলোর বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।
অগ্নিকাণ্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোয় দেখা যায়, মানুষ বাঁচার জন্য ভবনের জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়ছে। জানালা দিয়ে শুধু আগুনের কুণ্ডলী বের হতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কেমেরোভোর জরুরি বিভাগের উপ প্রধান ইয়েভগেনি দেদিউখিন বলছেন, প্রাথমিক যে তথ্য তাদের কাছে রয়েছে, তাতে আগুন ওই শপিং মলের প্রায় ১৫০০ বর্গমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। ধসে পড়ে দুটো সিনেমা হলের ছাদ।
৬২টি ফায়ার ইউনিট নিয়ে অগ্নি নির্বাপক বাহিনীর ৬৬০ জন কর্মীর পাশাপাশি আকাশ থেকে হেলিকপ্টার ব্যবহার করে ১৭ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান তিনি।