দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. আবদুল হামিদ।
আজ বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রপতি আইন ১৯৯১ -এর ২৭ নং আইনের ৭ ধারা মোতাবেক মো. আবদুল হামিদকে নির্বাচিত ঘোষণা করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের দিন ৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ সকাল ১০ টা হতে অপরাহ্ন ৪ টা পর্যন্ত এই পদে মনোনয়ন পত্র পরীক্ষার পর একমাত্র বৈধ প্রার্থী আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ১৯ মেয়াদে এ পর্যন্ত ১৬ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সেই হিসাবে আবদুল হামিদ এই পদে সপ্তদশ ব্যক্তি।
তবে টানা দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কেবল আবদুল হামিদই। সংবিধানে সর্বোচ্চ দুই বার রাষ্ট্রপতি পদে থাকার সুযোগ থাকায় এটাই হবে তার শেষ মেয়াদ।
