আসছে আমের মৌসুম। পাকা আমের স্বাদ ও গন্ধে মন জুড়াবে ফলপ্রেমীদের।তবে আশঙ্কা অন্যখানে, অসাধু ব্যবসায়ীদের রাসায়নিক ছোবল থেকে কি রক্ষা পাবে ফলের রাজা আম।
সেই লক্ষ্যেই এবার ভিন্ন কায়দায় প্রস্তুতি চলছে। রাসায়নিক পদার্থের প্রয়োগরোধে রাজশাহীর বড় আমবাগানে আগামী সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের শুনানি শেষে রাজশাহীর বিভাগীয় কমিশনার ও পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজির প্রতি এই এ আদেশ দেন।
এর আগে,মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ৭ এপ্রিল ওই আবেদন করে, যার ওপর আজ শুনানি হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

