রেকর্ড পরিমাণ আমদানি; দাম নিয়ে চিন্তিত লবণ চাষীরা




গত মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ায় চলতি বছরের মাঝামাঝিতে অস্থির হয়ে ওঠে লবণের বাজার। ওই সময়ে খুচরা পর্যায়ে লবণের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়। এ সংকট কাটাতে সরকারি অনুমোদনের পরিপ্রেক্ষিতে লবণ আমদানিও বেড়েছে দ্বিগুণ।
তবে আমদানি বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন প্রান্তিক চাষীরা। চলতি উৎপাদন মৌসুমে পণ্যটির ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত তারা।
জানা গেছে, বরাবরের মতো এবারো গত নভেম্বরে কক্সবাজারের টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় এলাকায় লবণ উৎপাদন শুরু হয়েছে। এসব এলাকায় আগামী বছরের মে পর্যন্ত লবণ উৎপাদন হবে। গত কয়েক দিনের বৃষ্টিতে লবণ উৎপাদন কিছুটা কম হলেও চাষীদের দুশ্চিন্তা দাম নিয়ে। মৌসুমের শুরু থেকে মাঠপর্যায়ে প্রতি মণ (৪০ কেজি) অপরিশোধিত লবণ বিক্রি হচ্ছে মাত্র ২৯০-৩১০ টাকায়। গত বছর একই সময়ে প্রতি মণ লবণ ৪০০-৪৫০ টাকায় বিক্রি হয়েছিল। প্রায় দ্বিগুণ লবণ আমদানির কারণে দামের এ পতন দেখা দিয়েছে।
বাঁশখালী গণ্ডামারা ইউনিয়নের লবণচাষী খায়রুল ইসলাম জানান, নভেম্বরে লবণ উৎপাদন শুরু হয়েছে। মাঠপর্যায়ে লবণ বিক্রিও চলছে। তবে অন্যান্য বছর মৌসুমের শুরুতে লবণের যে দাম থাকে, এ বছর তা নেই।
চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় পাঁচ লাখ টন লবণ আমদানি হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ আমদানির রেকর্ড। এর মধ্যে সর্বশেষ অক্টোবরে ২ লাখ ১০ হাজার ৮৪৪ টন লবণ আমদানি হয়েছে। এর আগে সেপ্টেম্বরে ১ লাখ ২ হাজার ৪৬৮ টন ও আগস্টে ৪৬ হাজার ৮৩০ টন আমদানি হয়। জুন ও জুলাইয়ে আমদানি না হলেও গত মে মাসে ১ লাখ ৮৫০ টন লবণ আমদানি হয়েছিল। অথচ গত বছর মাত্র আড়াই লাখ টন লবণ আমদানি করা হয়।
চট্টগ্রামের লবণ আমদানিকারক মোহাম্মদ করিম বলেন, গত মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে লবণের ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি মোকাবেলায় সরকার পাঁচ লাখ টন লবণ আমদানির অনুমোদন দেয়।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ বছর দেশে লবণের চাহিদা ১৫ লাখ ৭৬ হাজার টন। এর বিপরীতে গত মৌসুমে লবণ উৎপাদন হয়েছে ১৩ লাখ ৬৪ হাজার টন। এ হিসাবে ঘাটতি ছিল ২ লাখ ১২ হাজার টন। এ কারণে গত জুলাইয়ের প্রথম দিকে প্রতি কেজি লবণের দাম ৪০ টাকায় পৌঁছে যায়। অথচ এর আগে লবণ ২০ টাকা দরে কেনাবেচা হতো। এরই পরিপ্রেক্ষিতে সরকার পাঁচ লাখ টন লবণ আমদানির অনুমতি দেয়।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছর মে মাসের পর লবণের দাম বাড়তে শুরু করে। এরপর সেপ্টম্বর-অক্টোবরের দিকে সরবরাহ সংকটে দেশীয় বাজারে পণ্যটির দাম প্রায় দ্বিগুণ হয়। তবে এবার আগেভাগে দাম বাড়ায় মৌসুমের শেষ দিকে অর্থাত্ সেপ্টেম্বর-অক্টোবরে লবণ আমদানি বেশি হয়েছে।
তারা জানান, গত কোরবানির ঈদের দুদিন আগ লবণ আমদানি শুরু হয়। আমদানির যা অর্ডার ছিল, এরই মধ্যে তা চলে এসেছে। আগামীতে আর লবণ আসার সম্ভাবনা নেই। আমদানি করা এসব লবণ আনা হয়েছে ভারত থেকে। এ লবণ দেখতে লাল বা কালো রঙের। এছাড়া লবণের দানা অনেক বড়। এর বিপরীতে দেশীয় লবণ অনেক পরিষ্কার ও স্বাদ বেশি।