টেস্ট ফরম্যাটে কখনোই সুবিধা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে, টি-টোয়েন্টিতে আশা দেখালেও নিজেদের টেস্ট ইতিহাসের শুরু থেকেই সাদা পোশাকে নাজুক টাইগাররা।
আর সেই খারাপ অবস্থা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো নবাগত আফগানিস্তান। মাত্র দুই বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা আফগানিস্তান রেটিং বিবেচনায় পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশকে। বর্তমানে আফগানদের রেটিং ৫৭ এবং বাংলাদেশের ৫৫।
তবে র্যাংকিংয়ে ঢোকার জন্য পর্যাপ্ত ম্যাচ না খেলায় এখনও তালিকায় আসেনি আফগানিস্তানের নাম। ২০১৮ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখনও পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর মধ্যে জিতেছে দুইটিতে।
একটি আবার বাংলাদেশের বিপক্ষেই। এ দুই জয়ের কল্যাণেই তারা পেয়ে গেছে ৫৭ রেটিং পয়েন্ট।
অন্যদিকে প্রায় ২০ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৫৫, অবস্থান নবম। সবশেষ ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট জিতেও র্যাংকিং বা রেটিংয়ে কোন উন্নতি হয়নি বাংলাদেশের।
উল্টো আফগানরা রেটিং পয়েন্টে টেক্কা দিল বাংলাদেশকে। টাইগাররা হারিয়েছে ৫টি মূল্যবান রেটিং।
টি-টোয়েন্টিতে এক ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে ২২৯ রেটিং তাদের। মাত্র ১ বেশি রেটিং নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা।
ওয়ানডেতে নিজেদের সপ্তম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে অষ্টম স্থানে থাকা শ্রীলঙ্কার সঙ্গে রেটিং পার্থক্য কমে হয়েছে তিন। বাংলাদেশের রেটিং ৮৮ এবং শ্রীলঙ্কার ৮৫।

