মিয়ানমারের রাখাইন থেকে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া অধিকাংশ রোহিঙ্গাই রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে নিজেদের বাড়িঘরে ফিরে যেতে চায়। তবে কিছুসংখ্যক রোহিঙ্গা আর ফিরেই যেতে চায় না।
সম্প্রতি অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান এক্সচেঞ্জের জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করেছে।
কক্সবাজারে গত সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ১ হাজার ৩৬০ জন রোহিঙ্গার মধ্যে জরিপটি পরিচালনা করা হয়। এ সময় ৭৮ শতাংশ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইন রাজ্যে পরিস্থিতির উন্নতি হলে সেখানে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। সেনাদের নির্যাতন-নিপীড়নের বিভীষিকা কিছু রোহিঙ্গাকে এতটাই গ্রাস করেছে যে তারা আর ফিরেই যেতে চায় না। এমন রোহিঙ্গা ১৬ শতাংশ। আর নিঃশর্তভাবে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৬ শতাংশ রোহিঙ্গা।
বিশেষজ্ঞদের মতে মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করাই হলো রোহিঙ্গাদের রাখাইনে তাদের বাসস্থানে ফেরত পাঠানোর পূর্ব শর্ত। রোহিঙ্গা পরিস্থিতিকে অন্যান্য শরণার্থী পরিস্থিতির সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। রাখাইনে যে তাদের বিরুদ্ধে জাতিগত হত্যা ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেটা আন্তর্জাতিক সম্প্রদায় সাক্ষ্য-প্রমাণ দিয়েই বলেছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে। তারা যতক্ষণ স্বেচ্ছায় ফিরে যেতে না চাইবে, ততক্ষণ তাদের ফেরত পাঠানো যাবে না। এ প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক নজরদারি নিশ্চিত করতে হবে। শরণার্থী প্রত্যাবাসনের ক্ষেত্রে প্রথাগত আন্তর্জাতিক আইনের বাইরে গিয়ে কোনো কিছু করা বাংলাদেশের জন্য ঠিক হবে না।
অনুসন্ধান ও উদ্ধারবিষয়ক বিশেষায়িত আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) দ্য মাইগ্র্যান্ট অফশোর এইড স্টেশনের অর্থায়নে ওই গবেষণা প্রকল্পটি পরিচালিত হয়। এক্সচেঞ্জ ডট ওআরজি একটি অভিবাসনবিষয়ক গবেষণা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণধর্মী পোর্টাল। লিবিয়া ত্যাগ করা অভিবাসীদের অভিজ্ঞতা, ভ্রমণ ও ভ্রমণপথ নিয়ে অনুসন্ধানের লক্ষ্যে ২০১৭ সালের গোড়ার দিকে এটি প্রতিষ্ঠিত হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত ২৫ অগাস্ট থেকে সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। মিয়ানমারে দশকের পর দশক নাগরিক অধিকার বঞ্চিত রোহিঙ্গারা মৌলিক স্বাস্থ্য সেবা থেকেও বঞ্চিত হয়েছে। রোহিঙ্গারা বাংলাদেশে আসার পর ইতোমধ্যে তাদের মাঝে কলেরা, পোলিও ও হামের টিকা দেওয়া হয়েছে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
