রোহিঙ্গা সংকটের সমাধানে প্রথম শর্ত হিসেবে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়া রাজনৈতিক সমাধান চেয়েছেন তিনি। বেশির ভাগ দেশই এই প্রত্যাশা জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব গুতেরেসের মতে, সংকটের মূলে রয়েছে রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকত্ব না থাকা। তাই সমাধানের পূর্ব শর্ত হিসেবে তিনি নাগরিকত্ব দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান বন্ধ ও সেখানে মানবাধিকার কর্মীদের প্রবেশের দাবি জানান।
স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে মহাসচিব গুতেরেস মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অব্যাহত সংলাপের ওপর গুরুত্ব দেন। প্রায় পাঁচ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দেওয়ার জন্য তিনি বাংলাদেশকে ধন্যবাদ জানান।
নিরাপত্তা পরিষদের সাত সদস্যের অনুরোধে আয়োজিত এই বৈঠকে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ স্থায়ী ও অস্থায়ী সদস্যরা বক্তব্য রাখে। সংশ্লিষ্ট দেশ হওয়ায় বাংলাদেশ ও মিয়ানমারের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেন। বেশির ভাগ দেশের প্রতিনিধি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ ও সেখানে মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান।
এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি রাখাইন রাজ্যে চলা সহিংসতার নিন্দা জানান। তিনি ২৫ আগস্ট রাখাইনে পুলিশের তল্লাশি চৌকিতে রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার নিন্দা জানান। তবে এ কথাও বলেন, মিয়ানমার সেনাবাহিনী যে পাল্টা ব্যবস্থা নিচ্ছে তা গ্রহণযোগ্য নয়। তিনি মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা বন্ধের পক্ষে অভিমত দেন।
