করোনার কারণে ভারতজুড়ে চলমান লকডাউন দিনে ঘরবন্দি সময় কাটছে বলিউড ‘দাবাং গার্ল’ খ্যাত সোনাক্ষী সিনহার। কিন্তু লকডাউন শেষ হলেই সবার প্রথম কী কী করবেন সেই প্ল্যানিং সেরে ফেলেছেন বলিউডের দাবাং গার্ল।
ফিভার নেটওয়ার্ক ও হিন্দুস্তান টাইমসের যৌথ উদ্যোগে আয়োজিত #100Hours100Stars-র অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লকডাউন পরবর্তী প্ল্যানিং শেয়ার করলেন সোনাক্ষী।
অভিনেত্রী জানান,’লকডাউন শেষ হলেই মলদ্বীপে যেতে চান। পুরো বিশ্বে ওটাই আমার সবচেয়ে পছন্দের জায়গায়। ওখানে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পরতে চাই।
তবে কে জানে কবে সেই পরিস্থিতি আসবে, যখন মানুষজন ফের একবার আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে স্বচ্ছন্দ বোধ করবে’। তবে মলদ্বীপ যেতে পারার আগেও একটা কাজ করতে চান সোনাক্ষী, সেটা হল কাছের বন্ধুদের জড়িয়ে ধরে কাঁদতে চান নায়িকা!
তাঁর কথায়,’লকডাউন শেষ হলে যে কোনও কমন ফ্রেন্ডের বাড়িতে সব বন্ধুরা জড়ো হব এবং একে অপরকে জড়িয়ে ধরব এবং প্রচন্ড কাঁদব!’।
সোনাক্ষী জানান, তিনি নিজে কোয়ারেন্টাইনে থাকতে ভালোবাসেন। যখন তিনি কাজ করেন না তখন খুব বেশি বাইরে যাতায়াত করতে বা লোকজনের সঙ্গে দেখা কার তাঁর খুব বেশি পছন্দ নয়। কিন্তু পরিস্থিতি এক্কেবারেই আলাদা হয় সেই সময়। তাই এই লকডাউনের অনুভূতিটা একদম আলাদা।
সারাটা দিন কীভাবে কাটাচ্ছেন নায়িকা? সোনাক্ষীর কথায়, ‘আমি কিছুই করছি না, আর এইভাবেই আমার দিন কাটছে। দেরি করে ঘুমাই, দেরি করে ঘুম থেকে উঠছি। থিয়েটারে যে সব ছবি দেখা মিস করেছি,সেগুলো দেখছি। নতুন নতুন ওয়েব সিরিজ দেখছি। ইচ্ছা হলে একটু ওয়ার্কআউট করছি, ব্যাস এই চলছে’।
করোনাভাইরাস পরিস্থিতিতে দুঃস্থের পাশে দাঁড়াতেই #100Hours100Stars-র উদ্যোগ নিয়েছে ফিভার নেটওয়ার্ট। দেশের সবচেয়ে বড় ডিজিট্যাল এই ফেস্ট শুরু হয়েছে ২মে।

