প্রাণঘাতী করোনার সংক্রমন রোধে এবার পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। এরই পরিপ্রেক্ষিতে ১০ মে থেকে আগামী ৩০ মে পর্যন্ত দেশটিতে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে আজ (১০ মে) বিকাল ৪ টা থেকেই কার্যকর হবে এই ‘লকডাউন’।
এসময়ে সেদেশের মানুষ সপ্তাহে একবার অনলাইনে (www.moci.shop) বার-কোডের মাধ্যমে কেনাকাটা করার সুযোগ পাবেন। সেইসাথে লকডাউন চলাকালে সব ব্যাংকের প্রধান শাখা ও আবাসিক এলাকায় মুদি দোকান খোলা থাকবে।
প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আবাসিক এলাকায় হাঁটার অনুমতি দেয়া হয়েছে। তবে গাড়ি ব্যবহার করতে পারবেন না কেউ।
পুরোপুরি লকডাউন আওয়তায় থাকবে না স্বাস্থ্য ও সুরক্ষা কর্তৃপক্ষ, সরকারি গুরুত্বপূণ পরিষেবা খাত যেমন-বিদ্যুৎ, তেল, পৌরসভা এবং বেসরকারি খাতের সংস্থাগুলো।
এ বিষয়ে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বলেন, দেশটির করোনা পরিস্থিতির ফলে প্রায় ৪০ হাজার প্রবাসী বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছে।
এদের মধ্যে ১০ হাজার প্রবাসী বাংলাদেশির অবস্থা অন্যদের তুলনায় বেশি খারাপ। দূতাবাসের পক্ষ থেকে এইসব কর্মহীন খাদ্য সংকটে থাকা বাংলাদেশি প্রবাসীদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছি। বাকি প্রবাসীদেরও ত্রাণ প্রদান করা হবে।

