আর মাত্র একদিন বাকি। কাল থেকে শুরু বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশের মেয়েরা মুখিয়ে আছে টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য।
ঘরের মাঠে মারিয়াদের জন্য নিঃসন্দেহে বড় আসর এটি। তাই তো প্রস্তুতিতে কোনো খামতি রাখেননি কোচ গোলাম রব্বানী ছোটন। শনিবার অনূর্ধ্ব-১৯ জাতীয় দল ঘোষণা করেন তিনি। সাফের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শুধু সিনিয়র ফুটবলার সাবিনা খাতুন।
টুর্নামেন্টে অন্য দলগুলোর সাথে বাংলাদেশ পার্থক্য নেই বললেই চলে। সে কারণে সুযোগ আছে জেতার। বাংলাদেশকে হট ফেবারিট মানছেন কোচ।
তার মতে, ‘নারী ফুটবলে এখন সব দলই ভালো করছে। কোনো দলকে খাটো করে দেখার সুযোগ নেই। ৯০ মিনিটের ম্যাচে যে কোনো কিছু ঘটতে পারে।’
চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবে বাংলাদেশ, বলে মন্তব্য করেন ছোটন। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছি।’
তিনি আরো বলেন, ‘টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার আগে আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। তাহলে আমাদের আত্মবিশ্বাস বাড়বে।’
বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আরব আমিরাত ও কিরগিজস্তান।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল :
রুপনা চাকমা, মাহমুদা আক্তার, মাসুরা পারভিন, নার্গিস খাতুন, আঁখি খাতুন, শিউলি আজিম, মিসরাত জাহান মৌসুমী, শামসুন্নাহার, নিলুফার নিলা, নাজমা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, রত্না, মার্জিয়া, রাজিয়া খাতুন, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার, সাজেদা খাতুন, তহুরা খাতুন ও মোসাম্মাৎ সুলতানা।

