মোটরসাইকেলের সাথে ইজিবাইকের সংঘর্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এএফএম গোলাম আম্বিয়া আদিল নামের এক ডা.নিহত হয়েছেন।
বহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার বুড়ির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএফএম গোলাম আম্বিয়া আদিল উপজেলার খাতাপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে। তিনি লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে ডা. এএফএম গোলাম আম্বিয়া আদিল উপজেলার খাতাপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন।
পথে বুড়ির বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

