শবে মেরাজের ইবাদত বাসায় করুন: ইসলামিক ফাউন্ডেশন


paperslife

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ পবিত্র শবে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

আজ রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আনিসুর রহমান সরকার এ কথা জানান।

এ বিষয়ে তিনি বলেন, “আমরা সবাইকে বলেছি, যারা প্রতি ওয়াক্তে মসজিদে যান জামাতে নামাজ পড়তে, তারা যেন বাসায় অজু করে সুন্নত নামাজটা বাসায় পড়ে তারপর মসজিদে যান ফরজ নামাজ পড়তে। এটা স্বল্প সময়ের জন্য। আজ পরিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।”

সারাবিশ্বের মুসলমানরা এই রাতটি ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির, দোয়া-দরুদের মধ্য দিয়ে রাতটি কাটান তারা। বাংলাদেশের মুসলমানরা শবে মেরাজ পালন করবেন রোববার।

এছাড়াও প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তারৎপর্য’ শীর্ষক ওয়াজ ও মিলাদ মাহফিল হয়। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার ওয়াজ মাহফিল বা আনুষ্ঠানিক কোনো কর্মসূচি থাকছে না।