অস্ট্রেলিয়ার শরণার্থী আটক নীতির সমালোচনা করে দেশটির প্রধান কয়েকটি শহরে ক্ষোভ প্রকাশ করেছে হাজার হাজার বিক্ষোভকারী।
রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের হয়ে সিডনিতে বিক্ষোভ আয়োজক ইয়ান রাইনতুল বলেন, “২০১৩ সালে সরকারের গৃহীত ‘অস্ট্রেলিয়াকে দুর্গ’ বানানোর নীতি বাদ দিতে হবে।”
তিনি আরো বলেন, ‘মানুস ও নাউরুতে আটক কেন্দ্র বন্ধের দাবিতে আমরা এখানে জমায়েত হয়েছি।’
সিডনিতে বিক্ষোভরত শত শত বিক্ষোভকারীকে ‘শরণার্থীদের মুক্ত করো’ স্লোগান দিতে শোনা যায়। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়, যাতে লেখা ছিল— ‘পাঁচ বছর অনেক সময়, মানুস ও নাউরুকে খালি করো।’
সিডনিসহ অস্ট্রেলিয়ার মেলবোর্ন, অ্যাডিলেড, ব্রিজবেন, ক্যানবেরা ও পার্থেও বিক্ষোভ র্যালি আয়োজিত হয়েছে।
সমুদ্রপথে যে বা যারাই অস্ট্রেলিয়ায় অনুপ্রবেশের চেষ্টা চালায়, তাদের আটক করে পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপ কিংবা প্রশান্ত মহাসাগরের নাউরু দ্বীপে রাখা হয়।
এ নীতি চালুর পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাস্তায় নেমে প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। নৌকায় করে বা অন্যান্য মাধ্যমে শরণার্থীদের অস্ট্রেলিয়ায় প্রবেশ ঠেকাতে ২০১৩ সালে ওই কঠোর আইন প্রবর্তন করেছিল ক্যানবেরা।
ক্যানবেরা বলছে, এ নীতির মাধ্যমে বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ামুখী হওয়া কিছুটা ঠেকানো যাচ্ছে। অন্যদিকে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ বলছে, এর ফলে আশ্রয়কেন্দ্রগুলো থেকে বাজে ব্যবহার, আত্মহত্যা ও হতাশাজনক পরিস্থিতির খবর পাওয়া যাচ্ছে।

