ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় দু্ই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আগুনের এ ঘটনায় বিমানবন্দরের বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে তল্লাশির কাজ করছেন।
বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার তারিক আহমেদ প্রথম আলোকে বলেন, আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। এর পরপরই বহির্গমনের কার্যক্রম বন্ধ রয়েছে। মূল টার্মিনাল ভবন থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে আগুন লাগাল কারণ এখনো পর্যন্ত জানা যায়নি।
