দর্শক নেই মাঠে। তবুও চলছে ফুটবল। করোনাভাইরাসের কারণে মাঠে দর্শক প্রবেশ করতে পারছে না। সেই দর্শক শূন্য মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।
জার্মান ডার্বিতে হাড্ডাহাড্ডি লড়াই-ই উপহার দিয়েছে দুই দল। যেখানে বায়ার্নের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ নষ্ট করেছে বরুশিয়া।
উল্টো ম্যাচটি ১-০ গোলে জিতে শিরোপার দিকে বড়সড় এক লাফই দিল বায়ার্ন। যার ফলে দুই দলের পয়েন্টের ব্যবধান এখন সাত।
ম্যাচের ৪৩ মিনিটের সময় জয়সূচক ও একমাত্র গোলটি করেছেন জশুয়া কিমিচ। বরুশিয়া গোলরক্ষক রোমান বুরকির খানিক সামনে এগিয়ে থাকার সুযোগ নিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান কিমিচ। বলে হাত ছোয়ালেও তা থামাতে পারেননি বুরকি।
গত নভেম্বরে বুন্দেসলিগার প্রথম সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে বরুশিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন। মঙ্গলবার রাতে সেই ম্যাচের প্রতিশোধ নিজেদের মাঠে নিতে পারত বরুশিয়া। কিন্তু তা পারেনি লুসিয়েন ফ্যাবরের শিষ্যরা, হেরে গেছে ০-১ ব্যবধানে।
এ জয়ের পর ২৮ ম্যাচে ২০ জয় ও ৪ ড্রতে বায়ার্নের সংগ্রহ ৬৪ পয়েন্ট। তারাই শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা বরুশিয়ার ঝুলিতে রয়েছে ৫৭ পয়েন্ট।

