করোনা থেকে বাঁচতে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ওষুধ হিসেবে একটি ভেষজ টনিক ব্যবহার করার পক্ষে অবস্থান নিয়েছেন। সে লক্ষ্যে সে দেশের শিশুদের খাওয়ানো হবে এ টনিক।
তবে টনিক খাওয়ানো নিয়ে সমস্যা ছিলো না। সমস্যা তৈরি হয় যখন মাদাগাস্কারের শিক্ষামন্ত্রী রিজাসোয়া আন্দ্রিয়ামানানা অপরীক্ষিত ভেষজ ওষুধ খাওয়ার পর মুখের তিক্ততা দূর করতে প্রত্যেক শিশুকে তিনটি করে ললিপপ খাওয়ানোর পরিকল্পনা পেশ করেন। এর জের তাকে দায়িত্ব থেকে অব্যাহতিও দেয়া হয়েছে।
এদিকে মাদাগাস্কারের মেডিক্যাল অ্যাকাডেমিও ঐ ভেষজ ওষুধের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা মনে করছে এই ওষুধ মানুষের স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে। অবশ্য প্রেসিডেন্ট রাজোয়েলিনা ঐ টনিকের সমালোচনায় কান দিচ্ছেন না। আফ্রিকার প্রতি পশ্চিমা বিশ্বের মনোভাব যে তাচ্ছিল্যপূর্ণ, টনিকের সমালোচনা তারই প্রমাণ বলে কটাক্ষ করেছেন তিনি।
এ বিষয়ে ফরাসী নিউজ চ্যানেল ফ্রান্স ২৪’কে তিনি বলেন, “যদি কোনো ইউরোপিয়ান দেশ এই ওষুধ আবিষ্কার করতো, তাহলে কি এটি নিয়ে এত সন্দেহ প্রকাশ করা হতো? আমার মনে হয় না।”
উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছে ৭ জন।

