মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিলগেটস ও আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের মধ্যে শীর্ষ ধনীর পদ নিয়ে চলতি সপ্তাহে কিছু সময়ের জন্য উত্থান পতন হলেও মার্কিন ব্যবসায়ী হার্মিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা বিল ব্রাওডারের মতে, সম্পদের দিক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই দুজনের কারোরই তুলনা চলে না।
গত বৃহস্পতিবার ব্রাওডার সিনেট জুডিশিয়ারি কমিটির কাছে এ দাবি করেন বিল ব্রাওডার।
ব্রাওডারের ধারণা, পুতিনের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি। যেখানে মার্কিন এই দুই ধনকুবেরের প্রত্যেকের সম্পদের পরিমাণ কমবেশি নয় হাজার কোটি ডলার।
ব্রাওডারের সাক্ষ্য অনুযায়ী, পুতিন রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিনিয়োগকারীদের কাছ বিপুল পরিমাণ অংশীদারত্ব নিয়ে নেন। তাঁর মতে, পুতিনের সম্পদের পরিমাণ বেজোস ও গেটসের মোট সম্পদের চেয়ে বেশি।
মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিকে তিনি বলেন, ‘আমার ধারণা, তাঁর সম্পদের পরিমাণ ২০ হাজার কোটি ডলারের বেশি।’
উল্লেখ্য, পুতিনের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে জানাশোনা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন ব্রাওডার। ১৯৯০-এর দশকে ব্রাওডার ছিলেন রাশিয়ায় বড় বিনিয়োগকারীদের একজন।
নিউজউইকের খবরে বলা হয়, ব্রাওডার রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত সাবেক কোম্পানি ‘গাজপ্রম’-এর মতো প্রতিষ্ঠানের অংশীদার। একই সময়ে ব্রাওডার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুর্নীতিবিরোধী প্রচেষ্টায় সহযোগিতা করেন। তবে একপর্যায়ে ব্রাওডার বুঝতে পারেন, তিনি পুতিনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত রুশ আইনজীবী সের্গেই ম্যাগনিতস্কিকে জেলে যেতে হয় এবং মৃত্যুবরণ করতে হয়।
