চীনের উহান থেকেই ছড়িয়ে পড়া শুরু করেছিল প্রাণঘাতী করোনাভাইরাস। চীন সরকার বলছে, উহানে করোনায় মারা গেছে ৩ হাজার ৩০০ জন আর আক্রান্ত হয়েছে ৮১ হাজারের বেশি মানুষ।
তবে ভিন্ন মত স্থানীয়দের। তাদের দাবি, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধুমাত্র উহানেই ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, উহানের বাসিন্দাদের দাবি করছেন, শহরের অন্ত্যেষ্টিক্রিয়ার সাতটি স্থান থেকে আলাদা করে প্রতিদিন ৫শ করে শবাধার তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার মানে ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫শ মানুষের সৎকার করা হয়েছে ওই শহরে।
স্থানীয়দের দাবি, মৃতের সংখ্যা নিয়ে তাদের অনুমান অতিরঞ্জিত নয়। কারণ এক মাসেই কমপক্ষে ২৮ হাজার মৃতদেহ সৎকার করা হয়েছে।
হুবেই প্রদেশের সরকার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, সঠিক রোগ নির্ণয় ছাড়াই অনেক মানুষ তাদের বাড়িতেই মারা গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উহানের এক বাসিন্দা রেডিও ফ্রি এশিয়াকে বলেছিলেন, ‘এত কম মানুষ মারা গেছে এটা হতে পারে না। কারণ সৎকারকারীরা রাত দিন ২৪ ঘণ্টা কাজ করেছেন।’
বিশ্বব্যাপী করোনভাইরাসে এখন পর্যন্ত সাত লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৪ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে এবং আক্রান্তের সংখ্যায় সবাইকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এমন সময় এ তথ্য সত্যিই উদ্বেগের জন্ম দিবে।

