শুধুমাত্র নতুন আসা রোহিঙ্গাদের ফেরত নিতে চায় মিয়ানমার




মিয়ানমার থেকে সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি সই এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের পর এবার অতীতের মতোই অবস্থান পরিবর্তন করছে মিয়ানমার।
গত মঙ্গলবার ঢাকায় জেডব্লিউজির কর্মপদ্ধতির দলিলে স্পষ্ট করেই বলা হয়েছে, এ বছরের আগস্টের পর থেকে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ হলে গত বছরের অক্টোবরের পর যারা এসেছে তাদের ফেরত পাঠানো শুরু হবে। কিন্তু মিয়ানমার এখন দাবি করছে, দুই দেশ শুধু চার মাস আগে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসন করবে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার মাস আগে রাখাইন থেকে পালিয়ে যারা বাংলাদেশের অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যাবাসনের কর্মপদ্ধতি বাংলাদেশ ও মিয়ানমার চূড়ান্ত করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার যে সময়ের উল্লেখ করেছে, ২৩ নভেম্বরের চুক্তি আর ১৯ ডিসেম্বরের জেডব্লিউজির কর্মপদ্ধতির দলিল সেটা বলছে না। দুটি ক্ষেত্রে স্পষ্ট করেই বলা আছে, প্রথমে এ বছরের আগস্টের পর আসা রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এদের ফেরত পাঠানো শেষ হলে ২০১৬ সালের অক্টোবরের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে।
মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের আসা এখনো অব্যাহত আছে। গত তিন দিনে এসেছে ১৬৮ জন। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ৬ লাখ ৫৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এর আগে গত বছরের অক্টোবর থেকে পরের মাসগুলোতে এসেছে ৮৭ হাজার রোহিঙ্গা।
প্রসঙ্গত, আলোচনায় একমত হয়ে পরে মিয়ানমারের সিদ্ধান্ত পরিবর্তন নতুন নয়। গত অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেপিডো সফরের পরও বৈঠকে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, পরে সংবাদ বিজ্ঞপ্তিতে তাতে একতরফা পরিবর্তন আনে মিয়ানমার।
মিয়ানমারের এই ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গত বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, আলোচনায় সিদ্ধান্ত নেওয়ার পর তা থেকে মিয়ানমারের সরে আসাটা নতুন কিছু নয়। এটা বিবেচনায় নিয়েই জেডব্লিউজি গঠন ও এর কর্মপরিধির দলিল সই করা হয়েছে। এখন যত কথাই মিয়ানমার বলুক না কেন, বাংলাদেশ প্রমাণ দিয়ে বলতে পারবে আলোচনায় সিদ্ধান্ত নিয়ে এটি সই হয়েছে। এ থেকে সরে এলেই আন্তর্জাতিক সম্প্রদায় বুঝবে সমস্যা সমাধানে মিয়ানমার আন্তরিক নয়।
রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে সমন্বিত হামলার পর ২৫ অগাস্ট থেকে সেনাবাহিনীর এই দমন অভিযান শুরু হয়, যাকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ। অন্যদিকে মিয়ানমার সরকার ওই হামলার জন্য রোহিঙ্গা গেরিলাদের একটি দলকে দায়ী করে আসছে। সেনাবাহিনীর অভিযানকে তারা বলছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই’। মিয়ানমারের নেত্রী অং সান সু চি আন্তর্জাতিক চাপের মুখে গত ১৮ অগাস্ট প্রথমবারের মত রোহিঙ্গা সঙ্কট নিয়ে ভাষণ দিতে এসে দাবি করেন, ৫ সেপ্টেম্বরের পর রাখাইনে আর কোনো দমন অভিযান চালানো হয়নি।
তবে এ পর্যন্ত যে ৩৫৪টি গ্রাম পুড়িয়ে দেওয়ার প্রমাণ তাদের হাতে এসেছে, তার মধ্যে অন্তত ১১৮টিতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ৫ সেপ্টেম্বরের পর। গত দুই মাসে নতুন করে বহু রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে গত সাড়ে তিন মাসে বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা সাড়ে ছয় লাখ পেরিয়ে গেছে।
আরও পড়ুন;
রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সাধ্যমত চেষ্টা করবে তুরস্ক
রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার প্রস্তাব জাপানের  
রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে চীন
রোহিঙ্গা সংকট: সু চির সঙ্গে ট্রুডোর বৈঠক  
রোহিঙ্গা সংকট: বছরে লাগবে সাত হাজার কোটি টাকা
রোহিঙ্গাদের ফেরাতে চারটি শর্ত দিয়েছে মিয়ানমার
সোমবার থেকে ফের রোহিঙ্গাদের খাদ্য সহায়তা শুরু
রোহিঙ্গা সংকট: মিয়ানমারে ফিরতে চায় ৭৮% রোহিঙ্গা     
রোহিঙ্গা সংকট: হত্যা করা হয়েছে ৬,৭০০ রোহিঙ্গাকে