একটি সক্ষম ও গতিশীল শেয়ারবাজার তৈরির ক্ষেত্রে বেসরকারি খাতের শীর্ষ কোম্পানিগুলোর বাজারে তালিকাভুক্ত হওয়া খুবই প্রয়োজন বলে জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে ওয়ালটনের আইপিওকে স্বাগত জানান তিনি।
শেয়ারবাজারে বেসরকারি খাতের বড় ও ভালো কোম্পানির শেয়ারের অভাব। যার কারণে দেশের আর্থিক, অবকাঠামো খাতসহ সামগ্রিক উন্নয়নের গতিসঞ্চারের তুলনায় পিছিয়ে রয়েছে পুঁজিবাজার।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ওয়ালটন দেশীয় ইলেকট্রনিকস খাতের অন্যতম বড় কোম্পানি। শেয়ারবাজারে ওয়ালটনের মতো ভালো ও বড় কোম্পানি আসলে নিঃসন্দেহে বাজারের জন্য খুবই ইতিবাচক হবে। এতে বাজারের গভীরতা বাড়বে। অন্যদিকে শেয়ার মার্কেটে গ্যাম্বলিংয়ের সুযোগ কমবে। বিনিয়োগকারীরা ভালো কোম্পানির শেয়ার কিনে লাভবান হতে পারবেন। ভালো বিনিয়োগকারীরা বাজারে আস্থা ফিরে পাবেন।
শেয়ারবাজারে আকার বৃদ্ধি করতে সরকারি কয়েকটি লাভজনক প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে ধন্যবাদ জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। তিনি বলেন, অর্থমন্ত্রীর এই উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে শেয়ারবাজারের গভীরতা নিঃসন্দেহে বাড়বে।
সালেহউদ্দিন আহমেদের মতে, বাংলাদেশের শেয়ারবাজারে গভীরতা তুলনামূলক কম। অর্থাৎ বাজারে বড় ও ভালো কোম্পানির শেয়ারের অভাব রয়েছে। শেয়ারবাজারের গতি বৃদ্ধিতে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেশি ভূমিকা রাখবে বেসরকারি খাতের কোম্পানি। বিশেষ করে ওয়ালটন, রবির মতো বড় কোম্পানিগুলো।

